কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন তৈরি হওয়ার আগে তথ্য আগ বাড়িয়ে এসে যখন নিজেকে মেলে ধরে নানান মাধ্যমে, এর সত্যতা, যথার্থতা এবং প্রেক্ষাপটের কোন মাত্রার প্রতি প্রসন্ন হয়ে এর উপস্থিতি, সেগুলোর বিবেচনা এবং পুনর্বিবেচনা চিন্তাশীল প্রজাতি হিসেবে সামাজিক এক প্রেক্ষাপটে তুলে না আনলে ষড়যন্ত্র তত্ত্বের শিকার হওয়া বা চিন্তার বিকার ঘটার যে ঝুঁকি থাকে, তা ব্যক্তির একার পক্ষে সামাল দেওয়া মুশকিল।
এই ওয়েবসাইটে তাই চিন্তার স্তরগুলোকে কেন্দ্র করে বেশ কিছু অনুশীলন আর অধ্যয়নের ক্ষেত্র তৈরি চেষ্টা করা হচ্ছে। বিচ্ছিন্নভাবে হাজির হতে থাকা তথ্যগুলোর সূত্র নিরীক্ষণ, সত্য হিসেবে স্বীকৃত হলেও ভ্রান্ত ধারনার ভিত্তি হিসেবে ব্যবহারে সচেতনতা, সেই সাথে এসব তথ্য এবং মতামতের সমন্বয় ঘটিয়ে নির্দিষ্ট কোনো দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করা, এবং এর সাংঘর্ষিক চিন্তাগুলোও পদ্ধতিগতভাবে পরীক্ষা করা এবং উপস্থাপন করা - এই প্রক্রিয়াকে এক সুসঙ্গত মাত্রা দেবার এক প্রচেষ্টা এই ওয়েবসাইট।